শনিবার, ১২:২৮ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

দুদকে শিগগিরই নতুন কমিশন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শেষ ধাপে রয়েছে। চেয়ারম্যান ও দুই কমিশনার পদে সম্ভাব্য ২৮ জনের নাম ধরে গোয়েন্দা সংস্থাগুলো যাচাই-বাছাই করছে। যাচাই শেষে সার্চ কমিটির কাছে প্রতিবেদন দেওয়া হবে। এরপর তিনটি পদের বিপরীতে দুজন করে মোট ছয়জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে কমিটি। ওই তালিকা থেকে চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

দুদকের নতুন কমিশন গঠনের লক্ষ্যে গত ২২ জুন পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৭ ধারা অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করা হয়। আইনে কমিশনার নিয়োগের জন্য বাছাই কমিটি গঠনের বিধান রয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনটি শূন্য পদের প্রতিটির বিপরীতে দুজন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবে কমিটি। পরে সেখান থেকে চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হবে।

২৮ জনের নাম যাচাই :

সার্চ কমিটি গত ২ জুলাই চেয়ারম্যান ও কমিশনার পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে। ১৩ জুলাই বিকাল ৪টা পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সময় দেওয়া হয়। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আগে যারা জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জমা পড়া জীবনবৃত্তান্ত থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও কর্মজীবনের তথ্য যাচাই করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও বিবেচনায় নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ২৮ জনের নাম ধরে যাচাই-বাছাই চলছে।

এর আগে সার্চ কমিটির কাছে প্রায় ৪০ জনের জীবনবৃত্তান্ত জমা পড়েছিল বলে জানা যায়। যাচাই-বাছাই শেষে সেখান থেকে যোগ্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিচার বিভাগ, প্রশাসন, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম বেশি রয়েছে। চেয়ারম্যান পদে বিচার বিভাগ ও প্রশাসনের অবসরপ্রাপ্ত কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। সাবেক বিচারক, সাবেক যুগ্ম জেলা ও দায়রা জজ, প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে একটি রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেনÑ এমন ব্যক্তির নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে জানা গেছে।

আগস্টেই কমিশনের আশা : গত ২ আগস্ট দুদকে নতুন সচিব হিসেবে যোগ দেন মো. সাইদুর রহমান। ওই দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কমিশন না থাকায় সংস্থার অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করা হবে। পরে জমে থাকা কাজ দ্রুত নিষ্পত্তিতে একটি ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়া হবে।

নতুন কমিশন কবে দায়িত্ব নিতে পারে- এ প্রশ্নে সচিব চলতি আগস্ট মাসের মধ্যেই কমিশন দায়িত্ব নিতে পারে বলে আশা প্রকাশ করেন। তিনি জানান, কমিশন গঠনের জন্য সার্চ কমিটির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সরকারি প্রক্রিয়া শেষ হলে দ্রুতই নতুন কমিশন দায়িত্ব নেবে বলে আশা করা হচ্ছে।

দুদক আইন অনুযায়ী, একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে কমিশন গঠিত হয়। তাদের মেয়াদ পাঁচ বছর।

কেন নতুন কমিশন : দুদকের সর্বশেষ কমিশন শূন্য হওয়ার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। গত ৩ মার্চ চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ পদত্যাগ করেন।

২০২৪ সালের ২৯ অক্টোবর তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক ও আছিয়া খাতুন একযোগে পদত্যাগ করেছিলেন। এরপর ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে নতুন কমিশন নিয়োগ দেওয়া হয়। সেই কমিশনও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে পদত্যাগ করে।

দুদকের সাত কমিশন : ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার পর এ পর্যন্ত সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। প্রথম কমিশনের চেয়ারম্যান ছিলেন সাবেক বিচারপতি সুলতান হোসেন খান। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে তিনি ও দুই কমিশনার পদত্যাগ করেন।

এরপর লেফটেন্যান্ট জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরীর নেতৃত্বে দ্বিতীয় কমিশন দায়িত্ব নেয়। তিনিও মেয়াদ শেষ হওয়ার আগেই ২০০৯ সালের এপ্রিলে পদত্যাগ করেন।

তৃতীয় কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর এম বদিউজ্জামানের নেতৃত্বে চতুর্থ কমিশন এবং ইকবাল মাহমুদের নেতৃত্বে পঞ্চম কমিশন নির্ধারিত মেয়াদে দায়িত্ব পালন করে।

২০২১ সালের মার্চে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে ষষ্ঠ কমিশন দায়িত্ব নেয়। ২০২৪ সালের অক্টোবরে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের মধ্য দিয়ে ওই কমিশনের মেয়াদ শেষ হয়। এরপর ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে সপ্তম কমিশন গঠিত হলেও গত মার্চে সেটিও পদত্যাগ করে।পরপর দুই কমিশন মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় বর্তমানে দুদক কমিশনশূন্য। নতুন সার্চ কমিটির কার্যক্রম শেষ হলে রাষ্ট্রপতির নিয়োগের মধ্য দিয়ে সেই শূন্যতা কাটার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com