সোমবার, ০৬:০৬ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে মাকে মারধর, বৃদ্ধা ভিক্ষুককে হাতুড়িপেটার অভিযোগে যমজ দুই ভাই গ্রেপ্তার

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত
বরিশালের গৌরনদীতে মাদকাসক্ত দুই ছেলের বিরুদ্ধে তাঁদের মাকে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাড়িতে ভিক্ষা করতে আসা ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত যমজ দুই ভাই শিমুল আকন (৩৫) ও পলাশ আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শাহজাহান আকনের ছেলে শিমুল আকন ও পলাশ আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুর ১টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের মৃত মো. শাহজাহানের স্ত্রী ছবুড়া বেগম (৬০) ওই বাড়িতে ভিক্ষা করতে যান। এ সময় দুই ভাই তাঁকে ঘরের ভেতরে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ছবুড়া বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা মো. খোকন ও নাসির হোসেন মুঠোফোনে বিষয়টি গৌরনদী মডেল থানায় জানান। খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেলের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিমুল ও পলাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
অভিযুক্তদের মা মুকুল বেগম অভিযোগ করে বলেন, ‘আমার দুই ছেলে মাদকাসক্ত এবং তারা প্রায়ই আমাকে মারধর করে। তাদের ভয়ে আমি নিজের বাড়িতে থাকতে পারি না। আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাতে হয়।’
প্রতিবেশী দুলু বেগম বলেন, দুই ভাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আগেও কয়েকবার উঠেছে। তাঁদের অপকর্মের প্রতিবাদ করলে স্থানীয়দের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া রাতে জিআই তার ব্যবহার করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার মতো কর্মকাণ্ডের অভিযোগও তাঁদের বিরুদ্ধে রয়েছে।
এ ঘটনায় নির্যাতনের শিকার ছবুড়া বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে মাকে মারধর, স্থানীয়দের হুমকি ও অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিমুল ও পলাশ আকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com