বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খাল, সংলগ্ন সড়ক ও বাজার এলাকার আবর্জনা অপসারণে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খাল পরিদর্শন করেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। ওই কর্মসূচির ধারাবাহিকতায় খাল, সড়ক ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচির আয়োজন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে পুনঃখননকৃত খাল ও আশপাশে জমে থাকা আবর্জনা এবং বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সড়ক ও বাজার এলাকাও পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য গৌরনদী গড়ে তোলা সম্ভব।”
আয়োজকদের ভাষ্য, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গৌরনদী গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
এ জাতীয় আরো খবর..