তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল (Joris van Bommel) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অপতথ্য মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বুধবার (৮ জুলাই) রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন সহযোগিতা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এ সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে গুণগত উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং দক্ষতা বৃদ্ধিতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণে বাংলাদেশ আগ্রহী।
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন নতুন সম্ভাবনার পাশাপাশি নানা ধরনের চ্যালেঞ্জও সৃষ্টি করছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ লক্ষ্যে সময়োপযোগী নীতিমালা ও কার্যকর কৌশল প্রণয়নে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নীতিমালা, কার্যকর আইনি কাঠামো এবং নতুন ফ্রেমওয়ার্ক প্রণয়ন অত্যন্ত প্রয়োজন। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তিনি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..