বরিশালের গৌরনদীতে শোভা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের ভাই বাদী হয়ে স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মোশারফ হোসেন যশোর সদর উপজেলার ইসলামপুর এলাকার বাবুল সরকারের ছেলে। নিহত শোভা আক্তার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকীর চর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৌমেন বিশ্বাস জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী সোমবার (৬ জুলাই) ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মোশারফ বাসা থেকে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শোভার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের ভাই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জাতীয় আরো খবর..