শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং কলেজের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী ডিগ্রি কলেজে “শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মো. নাসির উদ্দিন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া বক্তব্য দেন বার্থী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী আব্দুস সালাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার পান্ডে, গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাবিবুর রহমান, টরকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ, খাঞ্জাপুর পাংগাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদুল ইসলাম, চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক তালুকদার, বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস, ইল্লা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিদ্দিকুর রহমান, পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন, বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.সেলিম বেপারী, বিশিষ্ট সমাজসেবক এস এম মোশারফ হোসেন সিনিয়র সাংবাদিক মো.মোস্তফা হাওলাদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক জহির উদ্দিন দোলন।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, দক্ষ শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সৃজনশীল পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই একটি প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
বক্তারা আরও বলেন, বার্থী ডিগ্রি কলেজকে এলাকার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে আশপাশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে অধিক সংখ্যক শিক্ষার্থীকে কলেজে ভর্তি হওয়ার জন্য উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠদান, নিয়মিত একাডেমিক তদারকি, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।
সভায় কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ জাতীয় আরো খবর..