বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, ফসলি জমি সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৮ জুন ২০২৬) গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফিল্ড পরিদর্শনের সময় উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দেখা যায়, ড্রেজার বসিয়ে ফসলি জমি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে জমির শ্রেণি পরিবর্তন করে ভরাট করা হচ্ছে। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ব্যবহৃত সকল যন্ত্রপাতি নিজ দায়িত্বে অপসারণের মুচলেকা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি জমির শ্রেণি পরিবর্তন, বালু বা মাটি উত্তোলন কিংবা ফসলি জমি নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩), ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন, ২০২৬, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অপরাধে জেল ও অর্থদণ্ড উভয় শাস্তিই প্রদান করা হবে।
অভিযানে সহযোগিতা করেন বার্থী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ রিফাত আহমেদ এবং গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা।
জনস্বার্থে খাদ্য নিরাপত্তা, কৃষিজমি ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
এ জাতীয় আরো খবর..