সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। আজ বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমার জানাজা বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গুলকিবাড়ি কবরস্থানে মরহুমার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হবে।
বেগম জেবুন্নেছা পেশায় শিক্ষক ছিলেন।তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান শায়রুল কবির খান।