র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বাংলাদেশ পুলিশের বৃহৎ তিনটি ইউনিটের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।
আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশকে র্যাব মহাপরিচালক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান ও পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।