শনিবার, ০৩:৫৮ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে: বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬ বার পঠিত

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন এই অভিযোগ করেছেন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের দ্বারা ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনূভুতিকে অপব্যাবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।

মাহদী আমিন বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি , লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন যে, জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে। এমনকি তাঁর হোয়াটসঅ্যাপে পাওয়া অর্ডারের তথ্য, জব্দকৃত আলামত ও সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণও প্রাথমিক তদন্তে পাওয়া গেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নির্বাচন কমিশনকে জোরালো আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নারী কক্ষে অবশ্যই পর্যাপ্তসংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করতে হবে এবং আইন ও বিধিমালা অনুযায়ী মুখমণ্ডল খুলে ভোটার শনাক্তকরণ কার্যকরভাবে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতোমধ্যেই স্পষ্ট নির্দেশনা দিয়েছে যে, ন্যাশনাল আইডি কার্ড বা হজ্বের ছবি তোলার সময় যেভাবে মুখ খোলা রাখা বাধ্যতামূলক। একইভাবে ভোটগ্রহণের সময় নারী পোলিং কর্তৃপক্ষের সামনে মুখ খুলে পরিচয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা রক্ষায় সব রাজনৈতিক দলের পক্ষ থেকে নারী কক্ষে যথাসম্ভব নারী পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করাও অপরিহার্য।

তিনি বলেন, এর আগেও আমরা দেখেছি, ওই রাজনৈতিক দলটি বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করেছে। এসব ঘটনার কারণে জাল ভোটের আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি অতিরিক্ত ব্যালট ছাপানোর প্রস্তুতির তথ্যও আমরা পেয়েছি। আমরা দেখলাম, রাজধানীর পুরাতন ঢাকার সূত্রাপুরে সেই দলেরই এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ক্রিকেট খেলার ১৫২টি স্ট্যাম্প উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাহলে কি তারা নির্বাচনের সময় দেশব্যাপী সহিংসতা করার প্রস্তুতি নিচ্ছে? এমনই যদি হয়, তবে এ বিষয়ে নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছি।

পর্যবেক্ষকের নামে কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে: 

মাহদী আমিন বলেন, আরেকটি গুরুতর বিষয় আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানাবিধ অসংগতি রয়েছে। উদাহরণস্বরূপ, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা) নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান নির্বাচনে সর্বাধিক পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে। মোট ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষকের মধ্যে একাই পাশার রয়েছে ১০ হাজার ৫৫৯ জন। যদিও বাস্তবে হবিগঞ্জের একটি গ্রামের বাসার একটি কক্ষই এই সংস্থার তথাকথিত কার্যালয় এবং লোকবল বলতে একজনই, যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ইতোঃপূর্বে আমরা নির্বাচন কমিশনে অবহিত করেছি যে, পর্যবেক্ষকের নামে বেশ কিছু প্রতিষ্ঠানের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। আমরা মনে করি, এসব বিষয় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে অন্তরায়। অতএব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের প্রতি আবারো আহ্বান জানাচ্ছি।

রাজধানীতে ১৪ টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান :

মাহদী আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভার বিষয়ে অবহিত করছি। আগামীকাল ৮ ফেব্রুয়ারি, রবিবার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নিজ নির্বাচনী এলাকায় ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে আমিনুল হকের নির্বাচনী এলাকায় পল্লবী দুই নাম্বার ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের নির্বাচনী এলাকায় মিরপুর-১০ নং গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী এলাকায় ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় যেটি মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের নির্বাচনী এলাকায় শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের নির্বাচনী এলাকায় বাড্ডার সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য রাখবেন।

মাহদী আমিন বলেন, আগামী পরশুদিন সোমবার তারেক রহমান তাঁর নিজের নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সহ মোট ৮টি নির্বাচনী জনসভায় যোগদান করবেন। ঢাকা-১৭ আসনে তাঁর নিজের নির্বাচনী এলাকায় বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে সকাল ১১টায়, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলমের নির্বাচনী এলাকায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী এলাকায় বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর এলাকায় যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকায় জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের নির্বাচনী এলাকায় ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকায় লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬ টায় নির্বাচনী জনসভায় যোগদান করবেন।

তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী

সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি মুখপাত্র মাহদী আমিন বলেন, আজ দিনের শুরুতেই আমরা দেখলাম, বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স বিএনপির চেয়ারম্যাব তারেক রহমানের নেওয়া একটি সাক্ষাৎকারের উপরে প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁরা তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে আছেন বলে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, আপনারা জানেন যে, গত কয়েকদিন ধরে বিশ্বব্যাপী জনপ্রিয় গণমাধ্যম দ্য ইকোনমিস্ট এবং দ্য ডিপ্লোম্যাটের নেওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দুইটি পৃথক সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। দুইটি সাক্ষাৎকারেই আগামীর বাংলাদেশ নিয়ে তাঁর চিন্তা ভাবনা উঠেছে এবং বিভিন্ন গ্রহণযোগ্য জরিপের উপর ভিত্তি করে তাঁরা তারেক রহমানকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, যা জাতিকে অনুপ্রাণিত করেছে।

ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ বিএনপি 

মাহ্দী আমিন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যাান তারেক রহমান গতকাল দলীয় ইশতেহার ঘোষণা করেছেন। এই ইশতেহার দীর্ঘদিনের দমন-পীড়ন, গণঅভ্যুত্থান ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিকল্পনা হিসেবে উপস্থাপিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ এবং তারেক রহমানের ঘোষিত ২৭ দফা ও ৩১ দফার ধারাবাহিকতা, এবং সকল শ্রেণী-পেশার মানুষের মতামতের সমন্বয়ে প্রণীত এই ইশতেহার রাষ্ট্রব্যবস্থা সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং জাতীয় সংহতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ইশতেহারের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ থাকবে, ইনশাআল্লাহ।

ন্যায়ভিত্তিক, সমন্বিত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে

গতকাল শুক্রবার দলের চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, ইশতেহারে নারীর ক্ষমতায়নে পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড ও কৃষি বীমার কথা বলা হয়েছে। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। শিক্ষাক্ষেত্রে মিড-ডে মিল, বিনামূল্যে স্কুল ড্রেস, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা, এবং মূল্যবোধভিত্তিক নীতির কথা বলা হয়েছে। একই সঙ্গে তরুণদের জন্য কর্মসংস্থান, বাস্তবভিত্তিক ও বহুমুখী দক্ষতা উন্নয়ন, স্টার্ট-আপ সহায়তা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ও স্কুল, কলেজ, ক্যাফে ও লাইব্রেরিতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ সুরক্ষা, ক্রীড়া উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, ডিজিটাল অর্থনীতি এবং প্রবাসী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণেও সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সকল ধর্মাবলম্বী মানুষের ধর্ম পালনের ক্ষেত্রে “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” নীতি। “সবার আগে বাংলাদেশ” মূলমন্ত্রে গণতন্ত্র ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়েছে। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সামনে রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বিএনপি সরকার একটি ন্যায়ভিত্তিক, সমন্বিত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com