দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থান রুটিন কার্যক্রমের অংশ। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।
লকডাউন বা কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো পরিকল্পনা নাই।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে।
ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।