মঙ্গলবার, ১১:৪১ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দি হিসেবে আনতে চায় সরকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র ও ভিসার আবেদন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে খবর এসেছে। এই খবর নিয়ে তুমুল আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে তার ওই আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সরকারের দায়িত্বশীলরা বলছেন, ‘তার ভিসা ও জাতীয় পরিচয়পত্র চেয়ে করা আবেদন নিছক রাজনৈতিক স্ট্যান্ডবাজি। তিনি দেশে ফিরবেন না। তার ওই আবেদনের ভিত্তি আইনগত, নৈতিক ও নীতিগত দিক থেকেও দুর্বল। আইনগতভাবে তার ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় ভারতের সঙ্গে থাকা বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে।’

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেদিন তিনি পালিয়ে ভারতে যান। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি

মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে ভারতে বসেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেন তিনি। রোববার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন।’

এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলা হয়। মন্ত্রী বলেন, আমিও বিষয়টি শুনেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এর আইনগত ভিত্তি কি আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, তবে প্রাইমাফেসি (প্রাথমিক সাক্ষ্য) হিসেবে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে আমরা প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।’

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়। হুমায়ুন কবির বলেন, তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই। তিনি যদি আসলেই দেশে ফিরতে চান, তবে সেটার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তিনি ভারত সরকারকে বলুন, সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন। গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

জানা গেছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ইমেইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনার আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’ সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তিকে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল বলেন। তিনি বলেন, যে কোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল (ক্লায়েন্ট) আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছেন। বাংলাদেশি জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিত বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদেরই লজ্জিত করবে বলে মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না। আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

‘আবেদন বিভ্রান্তিকর’: প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা ভারতের নয়াদিল্লির প্রেস মিনিস্টারের বরাতে জানিয়েছেন, শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ইমেইল পেয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। তবে আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো সেই ইমেইলে শেখ হাসিনার অনুমোদন (অথরাইজেশন) সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। গতকাল বিকেলে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। মো. সুজাউদ্দৌলা লিখেছেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। তার আবেদন নিয়ে কিছু গণমাধ্যম যে শিরোনাম করেছে, তা বিভ্রান্তিকর। এসব শিরোনাম জনমনে বিভ্রান্তি ছড়ায়।’ এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে আলাপের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘এ বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কি না, সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন (অথরাইজেশন) সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’ ম্যাট্রিক্স চেম্বার্স নামের প্রতিষ্ঠানটি ইমেইলে কী লিখেছে, সেটিও ফেসবুক পোস্টে যুক্ত করেছেন উপ-প্রেস সচিব। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে ইংরেজিতে কিছু লিখেছে। ইংরেজিতে পাঠানো ইমেইলের বাংলা অর্থ হিসেবে উপ-প্রেস সচিব লেখেন, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা যায়। এ পরিপ্রেক্ষিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

পাসপোর্টের আবেদন প্রক্রিয়া তুলে ধরে সুজাউদ্দৌলা লিখেছেন, ‘পাসপোর্টের আবেদন ব্যক্তিকে নিজেকেই করতে হয়। বাংলাদেশে ই-পাসপোর্টের নিয়মিত প্রক্রিয়ায় আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করতে হয়। এরপর পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশের মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়।’ তিনি আরও বলেন, ‘এপি ও রয়টার্সের প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো ফরম জমা দেওয়া বা বায়োমেট্রিক তথ্য দেওয়ার উল্লেখ নেই। ফলে ম্যাট্রিক্স চেম্বার্স নামক প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিটি আনুষ্ঠানিক আবেদন নয়, মূলত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ।’

‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা অনুতপ্ত হননি। এত মানুষের প্রাণহানির পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি আবার দেশে আসতে চান। তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করছেন। বিদেশে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির কাছ থেকেও দেশে ফেরার বিষয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। কিন্তু যাদের বর্বরভাবে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে, জানালা দিয়ে গুলি করে শিশুদের হত্যা করা হয়েছে, তাদের স্বজনরা কি তাকে সংবর্ধনা জানাবেন? তিনি বলেন, ‘আবু সাঈদ, মুগ্ধসহ যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ মানুষ ভুলে যায়নি। এত তরুণ, শিশু, রিকশাচালক ও শ্রমিক জীবন দিয়েছেন। তাদের রক্তের দাগ কি মাটি শুষে নিয়েছে?’ বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। তখন প্রতিবাদ করলে তৎকালীন আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেন, আদালত তার গতিতে চলে, আইন তার গতিতে চলে। এখন শেখ হাসিনা কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তো তার গতিতেই চলবে।’

শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ ভুল করলে পরে ক্ষমা চায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও জরুরি অবস্থা জারি করে ভুল করেছিলেন এবং পরে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা অনুতপ্ত হননি।’ রিজভী বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন, পার্শ্ববর্তী দেশ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে ১৮ কোটি মানুষ তা মেনে নেবে। কিন্তু শহীদদের রক্তের দাগ মানুষ ভুলে যায়নি। এই জাতি সব সময় অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে জেগে উঠেছে।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে আবারও ফ্যাসিবাদী শাসন চালানোর স্বপ্ন দেখছেন। পুলিশ ও র্যাব দিয়ে মানুষের ওপর নির্যাতন চালিয়ে নিজের রাজত্ব ও রাজসিংহাসন ফিরে পাওয়ার কল্পনা করছেন তিনি।’

‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা কখনো দেশে ফিরবেন না। পাসপোর্ট ও এনআইডির আবেদন করে তিনি রাজনৈতিক স্ট্যান্টবাজি করছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরবে প্রসিকিউশন। কেন তিনি পাসপোর্ট পাবেন না, সরকার চাইলেও কেন তাকে পাসপোর্ট ফেরত দিতে পারবে না, সে ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হবে।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও এক বার্তায় পাসপোর্ট ও এনআইডি চেয়ে করা আবেদনকে স্ট্যান্টবাজি হিসেবে উল্লেখ করেছেন। রাশেদ খান বলেছেন, ‘পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে, কোনো দেশের সরকার কোনো পলাতক আসামির জন্য পাসপোর্ট এবং এনআইডি ইস্যু করেছে। শেখ হাসিনা মূলত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। এজন্য এ ধরনের স্ট্যান্টবাজি শুরু করেছে। তবে এতটুকু বলতে চাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান সেক্ষেত্রে ভারত সরকারের দায়িত্ব তাকে বাংলাদেশে একজন অপরাধী হিসেবে হস্তান্তর করা।’

রাশেদ খান আরও বলেছেন, ‘পালিয়ে যাওয়ার কারণে আর তার বিরুদ্ধে রায় হওয়ার কারণে একজন পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট ইস্যু করা যায় না। এনআইডি ইস্যু করা যায় না। আমি মনে করি যে, পাসপোর্ট এবং এনআইডি চাওয়ার মাধ্যমে আওয়ামী লীগ তথা শেখ হাসিনা একটি স্ট্যান্টবাজি শুরু করেছেন। যেহেতু ডিসেম্বরে তারা বাংলাদেশে ফিরবে না। এরই মধ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়, সেজন্য আবেদন করেছে। অর্থাৎ বাংলাদেশ সরকারের যে দায়িত্ব সে দায়িত্ব তারা পালন করেছে। এখন ভারত সরকারের দায়িত্ব তাদের পালন করতে হবে। যে ব্যক্তি পালিয়ে গেল সেই ব্যক্তি আবার যেখান থেকে মার খাওয়ার ভয়ে গণপিটুনির ভয়ে পালিয়ে গেল, সে আবার সেখানে আসবে কি এই মার খাওয়ার জন্য? শেখ হাসিনা যে সময় বিমানবন্দরে নামবেন, হ্যাঁ অবশ্যই আমরা তার ন্যায় বিচার চাই। তিনি আরও বলেন, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না। যেহেতু ডিসেম্বর ঘনিয়ে আসতেছে, হাসিনার ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে না। সুতরাং সামনে বলবে যে, আমাদের পাসপোর্ট দেওয়া হয়নি, এনআইডি ইস্যু করা হয়নি।’

আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার দাবি জামায়াতের: ক্ষমতাচ্যুত শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরবেন না মন্তব্য করে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দৃশ্যমান উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। শেখ হাসিনার পাসপোর্ট আবেদন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গতকাল সোমবার দলের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার পদক্ষেপ দেশে ফেরার প্রকৃত উদ্যোগ নয়; বরং এর মাধ্যমে তিনি দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া, আওয়ামী লীগে নিজের নেতৃত্ব ধরে রাখা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

মাহবুব জুবায়ের বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কাজে লাগানোর পাশাপাশি প্রয়োজনে আন্তর্জাতিক আইনি সংস্থা, জাতিসংঘ ও ইন্টারপোলের সহায়তা নিতে হবে। যেকোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার উদ্যোগ নিতে হবে।

‘ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই’: সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে বাংলাদেশে এসে বিচার ফেস (মুখোমুখি হওয়া) করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি; কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। পাসপোর্ট চেয়ে সেই পথই শেখ হাসিনা সহজ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। তিনি আরও লিখেছেন, বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি (শেখ হাসিনা) দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে—এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, ‘শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’

‘খাঁচায় আসার আমন্ত্রণ’: শেখ হাসিনাকে খাঁচায় আসার আমন্ত্রণ জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

‘ফেরার ঘোষণা দিয়েছেন, তিনি অবশ্যই ফিরবেন’: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালবেলাকে বলেন, আমাদের নেত্রী বাংলাদেশের মাটিতে দেশের মানুষের কাছে ফিরবেন। এটা আমরা দলের পক্ষ থেকেও বারবার বলে আসছি। আইনের নিয়ম মেনেই তিনি বাংলাদেশের নাগরিকদের কাছে ফিরে যাবেন। মৃত্যুর আশঙ্কা জেনেও তিনি দেশে ফিরবেন। কবে ফিরবেন, এমন প্রশ্নে আওয়ামী লীগের এই নেতা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ীই শেখ হাসিনা দেশে যাবেন, সেজন্য যথাযথ আইনি প্রক্রিয়া মেনে এই ফেরার জন্য পাসপোর্ট ও এনআইডি চেয়েছেন। পাসপোর্ট এবং এনআইডি পাওয়া একজন নাগরিক হিসেবে শেখ হাসিনার মৌলিক অধিকার। এটা উনার ন্যায়সংগত অধিকার। সেজন্যই আইনি পদক্ষেপ হিসেবে সেটি চাওয়া হয়েছে। পাসপোর্ট না পেলেও ফিরবেন কি না এবং সেটা কবে—এমন প্রশ্নে নাছিম বলেন, নেত্রী বারবারই তার ফেরার ঘোষণা দিয়েছেন, তিনি অবশ্যই ফিরবেন। সুনির্দিষ্ট তারিখ-দিনক্ষণ, তিনি উপযুক্ত সময়েই বলবেন। এটা তখন দেশ-বিদেশের সবাই জানতে পারবেন।

‘জটিল সমীকরণে হাসিনার ফেরা’: বিশ্লেষকরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার দেশে ফেরার বা ফেরানোর বাস্তবতা আসলে জটিল সমীকরণের মুখে। তার ফেরার বিষয়টি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা একজন পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করানোর সঙ্গে সম্পর্কিত নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক আইন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, বিচারিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা। ফলে শেখ হাসিনার ফেরা বা ফেরানোর প্রশ্নটি এখন একটি বহুমাত্রিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারতের কাছে কূটনৈতিক পত্র পাঠানো হয়, যদিও ভারত এর জবাব দেয়নি। কিন্তু দেশটির পক্ষ থেকে জানানো হয়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। ২০২৪ সালের ডিসেম্বরে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নোট ভারবাল পাঠায়। এতে হাসিনাকে ‘ফেরত পাঠানোর’ জন্য অনুরোধ করা হয় বিচারিক প্রক্রিয়ার জন্য। এ ছাড়া তাকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে প্রতিবেশী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানিয়েছেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ আইনগত ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছে। বন্দিবিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা আমাদের হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতার সোপর্দ করার দরকার সেভাবে করব।’ ভারত সরকার শেখ হাসিনাকে ‘রাষ্ট্রীয় অতিথি’ হিসেবে গণ্য করছে এবং তিনি সেখানে বন্দি নন—সাংবাদিকদের এমন যুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী—এটা হলো আমাদের কাছে তার পরিচয়।…তারা (ভারত) কী বলছেন, তারা বললে তো হবে না! আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।’ আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করুন আপনারা, (জুলাই অভ্যুত্থানে) ১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে? ৩০ হাজার মানুষ কি পঙ্গু হয়নি? ন্যায়বিচারে কোনো রকম ঘাটতি রাখা হয়েছে? বিচার প্রক্রিয়ায় কি আমরা ক্যামেরা ট্রায়াল করেছি? সাক্ষী কি সাক্ষ্য দেয়নি?

জানা যায়, ভারত ও বাংলাদেশের মধ্যে পলাতক অপরাধী বিনিময়ের আইনি ভিত্তি হলো বাংলাদেশের ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ এবং ২০১৩ সালে স্বাক্ষরিত ‘ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি’। এই আইনি কাঠামোর অধীনে উভয় দেশ গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের নিজেদের দেশে ফিরিয়ে আনতে পারে। ১৯৭৪ সালের আইনের ৪ ধারা অনুযায়ী, সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোনো বিদেশি রাষ্ট্রকে এই আইনের আওতাভুক্ত করতে পারে। ১৫ ধারা অনুযায়ী, বিদেশে পলাতক কোনো অপরাধীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে আবেদন করতে পারে। ২০১৩ সালের ২৮ জানুয়ারি ভারত ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে এটি সংশোধিত হয়। চুক্তির আওতায়, যেসব অপরাধের সাজা কমপক্ষে এক বছর বা তার বেশি, শুধু সেসব অপরাধের ক্ষেত্রেই প্রত্যর্পণ কার্যকর করা যায়। প্রত্যর্পণ না করার শর্তাবলির মধ্যে রয়েছে রাজনৈতিক অপরাধ; অর্থাৎ কোনো অপরাধকে যদি ‘রাজনৈতিক প্রকৃতির’ বলে বিবেচনা করা হয়, তবে অভিযুক্তকে প্রত্যর্পণ করা যায় না। তবে হত্যা, অপহরণ এবং নাশকতার মতো গুরুতর অপরাধগুলোকে রাজনৈতিক হিসেবে গণ্য করা হয় না। চুক্তি অনুযায়ী কোনো রাষ্ট্র তার নিজের দেশের নাগরিককে অন্য কোনো দেশের হাতে তুলে দিতে বাধ্য নয়। এ ছাড়া ন্যায়বিচারের স্বার্থে, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বা প্রমাণাদির অভাবে অনুরোধকারী রাষ্ট্র যদি প্রত্যর্পণের আবেদন খারিজ করতে চায়, তবে তা করতে পারে। তবে বর্তমান সরকারের বক্তব্য তুলনামূলকভাবে স্পষ্ট। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরত আনতে চায়, যে প্রক্রিয়া নিয়েও রয়েছে জটিলতা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com