রবিবার, ১২:০৬ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আজ রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।

নভেম্বর মাস এলেই বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের ইতিহাস নতুন করে আতঙ্ক তৈরি করে। ২০০৭ সালের ১৫ নভেম্বর ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর ঘণ্টায় প্রায় ২২৩ কিলোমিটার বেগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে। ক্যাটাগরি-৫ মাত্রার এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারান হাজার হাজার মানুষ।

এরও আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়ে প্রায় ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। ইতিহাসের এই দুই ভয়াবহ দুর্যোগের কারণে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট যেকোনো লঘুচাপ ঘিরেই বাড়তি সতর্কতা তৈরি হয়।

এবারও নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ বলেন, ‘১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।’

এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com