মঙ্গলবার, ০২:৩৪ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

উৎপাদনশীলতাই হোক পোশাকশিল্পের শক্তি

মাহফুজুর রহমান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প শুধু একটি রপ্তানি খাত নয়; এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান এই শিল্পের সঙ্গে যুক্ত। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে। ফলে এ শিল্পের যে কোনো সংকট জাতীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে। বর্তমানে শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে যে আলোচনা ও আন্দোলন চলছে, তা আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে : শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা কীভাবে ধরে রাখা যাবে?

বাংলাদেশে শুধু পোশাকশিল্প খাত নয়, প্রায় প্রতিটি খাতেই আন্দালন-সংগ্রাম করে ন্যায্য দাবি আদায় করতে হয়। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রয়োজনেই পরিমিত পরিমাণ মূল্যস্ফীতিকে স্বাগত জানান অর্থনীতিবিদরা। দেশে মূল্যস্ফীতি হলে নিম্ন আয়ের মানুষের অবস্থা কী হয় তা জানেন না এমন অর্থনীতিবিদ বা রাষ্ট্রনায়ক সম্ভবত একজনও পাওয়া যাবে না। কিন্তু আন্দোলন জমজমাট না হওয়া পর্যন্ত সরকার বা শিল্প মালিকরা এদিকে ফিরেও তাকান না। পৃথিবীর বহু দেশে চলমান মূল্যস্ফীতির পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর বেতন বাড়ানো হয়। উদাহরণ হচ্ছে থাইল্যান্ডের ব্যাংকিং সেক্টর। সেখানে সর্বস্তরের সব কর্মকর্তা-কর্মচারী সাধারণভাবে মূল্যস্ফীতির হারের সমপরিমাণ বেতনবৃদ্ধি ভোগ করেন। এ ছাড়াও কাজের পারদর্শিতা অনুসারে কর্মকর্তারা শূন্য থেকে সাধারণত পাঁচটি পর্যন্ত ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। এখানে মূল নীতিমালা হলো, সাংসারিক ব্যয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মূল্যস্ফীতির হারের সমপরিমাণ বেতন সাধারণভাবেই বাড়িয়ে দেওয়া হয়। ফলে কাউকেই সংসার চালাতে হিমশিম খেতে হয় না। কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি শুরুই হয় মূল্যস্ফীতির সমপরিমাণ টাকা স্বয়ংক্রিয়ভাবে বাড়ার পর। কিন্তু বাংলাদেশে এই পদ্ধতি চালু নেই। ফলে পণ্যমূল্য বৃদ্ধির চাপে মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে তখনই সাধারণ শ্রমিকরা রাস্তায় নামেন, সংগ্রাম-মিছিল করেন।

২০২৩ সালে তৈরি পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর তিন বছর পেরিয়ে গেছে। এ সময়ে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, যাতায়াতসহ প্রায় সব ধরনের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ফলে নির্ধারিত মজুরিতে শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা কতটা অবশিষ্ট আছে, সেটি বিবেচনা করা জরুরি। শ্রমিকরা এখন মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানাচ্ছেন। সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে এবং ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিরা একমত হয়েছেন। তবে মজুরির পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে শুধু আবেগের বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এর পেছনে অর্থনৈতিক যুক্তিও রয়েছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রপ্তানিকারকদের টাকায় আয় বাড়িয়েছে। ২০১৮ সালে যখন পোশাক-শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়, তখন ডলারের বিনিময় হার ছিল প্রায় ৮৩ টাকা। বর্তমানে তা প্রায় ১২৪ টাকা। অর্থাৎ একই পরিমাণ ডলার দেশে এনে এখন প্রায় ৪৯ শতাংশ বেশি টাকা পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণের সময় অবশ্য ডলারের বিনিময় হার ৮৩ টাকা ছিল না; তখন তা ছিল আরও বেশি। এই সময়গত পার্থক্য বিবেচনায় রেখেই হিসাব করতে হবে। তবে দীর্ঘ সময়ে বিনিময় হারের পরিবর্তনে রপ্তানি আয়ের টাকায় মূল্য যে বেড়েছে, তা অস্বীকার করার উপায় নেই।

অবশ্য ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে উদ্যোক্তাদের নিট মুনাফা বৃদ্ধির সমান ধরে নেওয়া ঠিক হবে না। পোশাক উৎপাদনে আমদানি করা তুলা, সুতা, কাপড়, রাসায়নিক, যন্ত্রপাতি ও জ্বালানির ব্যয়ও বেড়েছে। ঋণের সুদ, পরিবহন ও অন্যান্য পরিচালন ব্যয়ও বিবেচনায় নিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, বিনিময় হারের পরিবর্তনে রপ্তানি আয়ের যে বাড়তি মূল্য তৈরি হয়েছে, তার সুফল শ্রমিকের মজুরি নির্ধারণের আলোচনায় একেবারেই বিবেচিত হবে না কেন? আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাবের ভিত্তিতে এ বিষয়ে যুক্তিসংগত আলোচনা হওয়া প্রয়োজন।

এখানে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের প্রসঙ্গও প্রাসঙ্গিক। ২০২৬ সালের জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বিবেচনায় তাদের আয় পুনর্নির্ধারণ করা হলে বেসরকারি শিল্পের শ্রমিকদের ক্ষেত্রেও একই বাস্তবতা বিবেচনা করা দরকার। সরকারি বেতন বৃদ্ধি নিজেই মূল্যস্ফীতির একমাত্র কারণ নয়; তবে আয় ও চাহিদা বৃদ্ধির মাধ্যমে বাজারে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এর বিপরীতে স্থির বা অপর্যাপ্ত মজুরিতে থাকা শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে গেলে তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও উপেক্ষা করা যায় না।

তবে শ্রমিকের মজুরি বৃদ্ধির প্রশ্নের পাশাপাশি শিল্পের প্রতিযোগিতার বাস্তবতাও বুঝতে হবে। বাংলাদেশের পোশাকশিল্পকে চীন, ভিয়েতনাম, ভারত, তুরস্ক ও কম্বোডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের দাম, মান, সরবরাহের সময়, পরিবেশগত মানদণ্ড ও শ্রম অধিকার- সবকিছু বিবেচনা করেন। উৎপাদন ব্যয় বাড়লে উদ্যোক্তাদের ওপর চাপ তৈরি হয়। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানার পক্ষে সেই চাপ সামাল দেওয়া কঠিন হতে পারে। কিন্তু কম মজুরি দিয়ে প্রতিযোগিতায় টিকে থাকার কৌশলও দীর্ঘ মেয়াদে কার্যকর নয়।

এখানেই আমাদের শিল্পের কৌশলগত পরিবর্তন প্রয়োজন। এত দিন তুলনামূলক কম শ্রমমূল্য বাংলাদেশের পোশাকশিল্পের একটি প্রতিযোগিতামূলক সুবিধা ছিল। কিন্তু ভবিষ্যতে শুধু এই সুবিধার ওপর নির্ভর করা যাবে না। বরং শ্রমিকের দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, উৎপাদন ব্যবস্থাপনা এবং পণ্যের মান উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। একই সময়ে বেশি মানসম্পন্ন পণ্য উৎপাদন করতে পারলে মজুরি বৃদ্ধির অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া সম্ভব। অপচয় কমানো, সময়মতো উৎপাদন ও সরবরাহ, আধুনিক যন্ত্রপাতি এবং দক্ষ ব্যবস্থাপনা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

ভিয়েতনাম ও চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। তারা শুধু কম শ্রমমূল্যের ওপর নির্ভর করেনি; প্রযুক্তি, দক্ষতা, উৎপাদনক্ষমতা ও সরবরাহব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে। বাংলাদেশেরও সাধারণ পোশাকের পাশাপাশি স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য, পরিবেশবান্ধব কাপড় এবং বিশেষায়িত টেক্সটাইল উৎপাদনে সক্ষমতা বাড়াতে হবে। এতে একই পরিমাণ শ্রম ও সম্পদ ব্যবহার করে অধিক মূল্য সংযোজন সম্ভব হবে। এ জন্য উদ্যোক্তাদের প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে হবে। সরকারকে দিতে হবে সহজ অর্থায়ন, কারিগরি প্রশিক্ষণ, নিরবচ্ছিন্ন জ্বালানি এবং দক্ষ বন্দর ও কাস্টমস সেবা। শ্রমিকদের প্রশিক্ষণকে উৎপাদন পরিকল্পনার অংশ করতে হবে। একই সঙ্গে শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ, সময়মতো মজুরি এবং অধিকার নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকেও ন্যায্য পণ্যমূল্য আদায়ের সক্ষমতা বাড়ানো জরুরি। পরিবেশবান্ধব উৎপাদন ও শ্রম অধিকার রক্ষার ব্যয় পণ্যের দামে প্রতিফলিত হওয়া উচিত।

বাংলাদেশের পোশাকশিল্পের ভবিষ্যৎ শ্রমিক ও মালিকের স্বার্থকে পরস্পরের বিপরীতে দাঁড় করিয়ে নির্ধারণ করা যাবে না। শ্রমিকের ন্যায্য মজুরি যেমন প্রয়োজন, তেমনি উদ্যোক্তার বিনিয়োগ ও মুনাফার উপযুক্ত পরিবেশও জরুরি। কিন্তু প্রতিযোগিতার প্রধান ভিত্তি যদি থেকে যায় সস্তা শ্রম, তাহলে শিল্পটি একসময় সীমাবদ্ধতার মুখে পড়বে। আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি উৎপাদনব্যবস্থা গড়ে তোলা, যেখানে শ্রমিক বেশি দক্ষ হবেন, প্রযুক্তি উৎপাদনকে গতিশীল করবে এবং উদ্যোক্তা উচ্চমূল্যের পণ্য তৈরি করে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান অর্জন করবেন।

বাংলাদেশের পোশাকশিল্পকে এখন সস্তা শ্রমের প্রতিযোগিতা থেকে উৎপাদনশীলতার প্রতিযোগিতায় উত্তরণ ঘটাতে হবে। শ্রমিকের মজুরি কমিয়ে নয়, দক্ষতা বাড়িয়ে; উৎপাদন ব্যয় চাপিয়ে নয়, প্রযুক্তি ও ব্যবস্থাপনার উন্নয়ন ঘটিয়ে এই শিল্পের ভবিষ্যৎ শক্তিশালী করতে হবে। আমাদের এখন টার্গেট হবে : সস্তা শ্রম নয়, উৎপাদনশীলতাই হোক বাংলাদেশের পোশাকশিল্পের প্রকৃত শক্তি।

মাহফুজুর রহমান : লেখক; সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

মতামত লেখকের নিজস্ব

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com