সোমবার, ১২:২৯ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু করতে সরকারকে চিঠি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত
আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে বলা হয়েছে। এক্ষেত্রে সীমানা নির্ধারণ দ্রুত সম্পন্ন করতে চিঠি দিয়েছে সংস্থাটি। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবকে চারটি পৃথক চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এ ছাড়া এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করবে ইসি। গতকাল ইসি কর্মকর্তারা এসব তথ্য দিয়েছেন। তারা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নীতিমালার সংশোধনীতে বলা হয়েছে, আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোট গ্রহণের ১৫ দিন আগে চূড়ান্ত করতে হতো। এখন তার পরিবর্তে ২৫ দিন আগে চূড়ান্ত হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগে থেকেই ২৫ দিনের বিষয়টি ছিল। তাই জেলা পরিষদ ও উপজেলা পরিষদেও একই রকম নীতিমালা করা হয়েছে। নীতিমালায় সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ পুরুষের জন্য একটি এবং প্রতি ৫০০ নারীর জন্য একটি বুথ রাখার বিষয় আনা হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউপি ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে ইসি। ইতোমধ্যে স্থানীয় সরকারগুলোর সীমানা বিন্যাস দ্রুত সম্পন্ন করতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠানের প্রথম সভা কবে হয়েছে তা-ও জানাতে বলেছে সংস্থাটি। বর্তমানে ইউপি ব্যতীত অধিকাংশ স্থানীয় সরকার চলছে প্রশাসক দিয়ে। সরকারকে ইসির চিঠি : আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগে দেওয়া ইসির এক চিঠিতে বলা হয়েছে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিষদগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ প্রয়োজন। প্রযোজ্য ক্ষেত্রে সীমানা/ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ছাড়া সিটি নির্বাচনের জন্য পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ৬ অনুসারে করপোরেশনের মেয়াদ এর প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর এবং ৩৪ ধারা অনুসারে করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী একশ আশি দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনসমূহের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সিটি করপোরেশনসমূহের শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ প্রয়োজন। চিঠিতে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকারগুলোর নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। কোনো নির্বাচনের পর প্রথম সভা কবে হয়েছে, সেই তথ্য পাওয়া গেলে আগামী নির্বাচনে ধাপ নির্ধারণের কাজে দেবে। সম্প্রতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সরকারের সঙ্গে সমন্বয় করে সীমানা নির্ধারণ করবে ইসি। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছিলেন, স্থানীয় নির্বাচন নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে লিখিত বা সরাসরি যোগাযোগ করা হবে। তিনি বলেন, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা আছে। এক্ষেত্রে ইউপি ও পৌরসভার ভোট আগে করাই আইন সঙ্গতভাবে যৌক্তিক হবে। এগুলো না করলে উপজেলা করা যাবে না। এরপর জেলা ও সিটি করপোরেশন নির্বাচন হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com