বরিশালের উজিরপুর উপজেলার কারফা পাবলিক একাডেমী (মাধ্যমিক বিদ্যালয়)-এ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের উদ্দেশ্যে গত ২৯ জুন (সোমবার) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, যার মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
এ উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কারফা বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস। পরে প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে নিজ নিজ বাড়িতে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
এ জাতীয় আরো খবর..