বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল।
মঙ্গলবার (৮ জুলাই) বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং: বশিবো/বিঅ/২০২৬/২৩০২) এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ধারা ৫৪(১) অনুযায়ী এডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ৮ জুলাই ২০২৬ থেকে ৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত, অর্থাৎ ছয় মাস।
অনুমোদিত কমিটিতে বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক মনোনীত এইচ এম তারিকুল ইসলামকে সভাপতি, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত রাজ্জাক সরদারকে শিক্ষক সদস্য এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত শারমিন খানমকে অভিভাবক সদস্য করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নবগঠিত এডহক কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা পালন করবে।
এদিকে, আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং নবগঠিত এডহক কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..