বর্তমান সময়ে দেশের অন্যতম জাতীয় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। বিদ্যুৎ উৎপাদন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চাহিদা-সরবরাহের ভারসাম্যহীনতাসহ বিভিন্ন কারণে অনেক সময় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ধৈর্য ও সচেতনতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গৌরনদী জোনাল অফিস।
রোববার এক বিবৃতিতে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী আব্দুল হালিম খান বলেন, বিদ্যুৎ সংকটজনিত কারণে মানুষের ভোগান্তি বাড়ছে, যা কর্তৃপক্ষ আন্তরিকভাবে উপলব্ধি করে। তবে যেকোনো সমস্যা সমাধানের পথ হতে হবে আইনসম্মত, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল।
তিনি বলেন, ক্ষোভ বা অসন্তোষ প্রকাশের অধিকার সবার রয়েছে, কিন্তু সেই প্রকাশ যেন কোনোভাবেই জনদুর্ভোগ, সহিংসতা, সরকারি বা ব্যক্তিগত সম্পদের ক্ষতি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ডেকে না আনে।
প্রকৌশলী আব্দুল হালিম খান আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুজব, উসকানিমূলক বক্তব্য কিংবা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি নিজেদের সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
তিনি অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণ সমাজের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও আইনকে সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো সংকট মোকাবিলা করা সম্ভব।
বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং আগামী প্রজন্মের কল্যাণে সবাইকে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। ধৈর্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমেই বর্তমান পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
এ জাতীয় আরো খবর..