বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৪ একর সরকারি খাসখতিয়ানভুক্ত জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ফিল্ড পরিদর্শন ও উচ্ছেদ অভিযানে জমিটি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমি লাল পতাকা ও লাল ফিতা দিয়ে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বরিশাল জেলা প্রশাসকের নাম উল্লেখ করে সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসএ রেকর্ড অনুযায়ী ওই এলাকায় আরও প্রায় ৭ থেকে ৮ একর নদী সিকস্তি সরকারি জমি উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, উদ্ধারকৃত জমিটি আপাতত জনসাধারণের ব্যবহার ও শিশুদের খেলাধুলার জন্য উন্মুক্ত রাখা হবে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এলাকাটিতে রয়েছে পুকুর, সারিবদ্ধ কলাগাছ, শিমুল ও খেজুরগাছ এবং পাশ দিয়ে প্রবাহিত একটি নদী। মনোরম পরিবেশ বিবেচনায় ভবিষ্যতে সেখানে শিশুদের জন্য একটি আধুনিক খেলার মাঠ ও ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব ও যৌক্তিকতা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সরকারি সম্পদ সংরক্ষণ ও জনস্বার্থ রক্ষায় ভবিষ্যতে কেউ জমিটি পুনরায় দখল বা এর কোনো সম্পদের ক্ষতি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আইনে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
অভিযানে উপজেলা ভূমি অফিসের কানুনগো খলিলুর রহমান, নলচিড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আব্বাস আলী এবং গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজায় উদ্ধারকৃত সরকারি খাসজমি পরিদর্শন ও চিহ্নিতকরণকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ জাতীয় আরো খবর..