সোমবার, ০১:৩০ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

২০২৫ সালে ৪৩১২ জনের নামে দুর্নীতির মামলা-চার্জশিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

গত এক বছরে (২০২৫ সাল) অনিয়ম, দুর্নীতি, ঘুষগ্রহণ ছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চার হাজার ৩১২ জনের বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময়ের মধ্যে এক হাজার ২০১টি নতুন অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

দুদকের কর্মকর্তারা জানান, প্রতি বছর দুদকে হাজার হাজার অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগ নম্বর পদ্ধতি অনুসরণ করে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। অর্থাৎ যেসব অভিযোগ দুদকের এখতিয়ারের মধ্যে পড়ে এবং দুর্নীতির প্রমাণ পাওয়ার মতো বিশ্বাসযোগ্য উপাদান থাকে, সেগুলো নিয়মিত অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। এ ছাড়া কোনো কোনো অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে গোয়েন্দা অনুসন্ধান বা অন্য কোনোভাবে প্রমাণ পাওয়ার মতো উপাদান পাওয়া গেলে সেগুলোও নিয়মিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদক থেকে জানা যায়, ২০২৫ সালে মোট এক হাজার ২০১টি দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত হয়েছে, সেগুলোর মধ্যে জানুয়ারিতে ৯৫, ফেব্রুয়ারিতে ৯৫, মার্চে ১০১, এপ্রিলে ১১৮, মে মাসে ৭২, জুনে ৫৮, জুলাইয়ে ৭৭, আগস্টে ১১২, সেপ্টেম্বরে ১২৭, অক্টোবরে ৮৫, নভেম্বরে ১৩২ এবং ডিসেম্বর মাসে ১৩৮টি অভিযোগ রয়েছে।

এ ছাড়া গেল বছর দুদক ৫৯৮টি মামলা করেছে। এসব মামলায় মোট আসামি দুই হাজার ৮৭২ জন। গত বছর জানুয়ারিতে ৭০টি মামলায় ২৩৮ জনকে আসামি করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ৫৪ মামলায় ১৫৮ জনকে, মার্চে ২৯ মামলায় ৮১ জনকে এবং এপ্রিলে ৪১ মামলায় ১৯০ জনকে আসামি করা হয়। অন্যদিকে গত বছর মে মাসে ৩০ মামলায় ১৪৮ জন, জুনে ৩০ মামলায় ১৬৭, জুলাইয়ে ৫৪ মামলায় ৩১২, আগস্টে ৪৯ মামলায় ৩১১, সেপ্টেম্বরে ৫২ মামলায় ২০৯, অক্টোবরে ৬৪ মামলায় ২১৬, নভেম্বরে ৬৫ মামলায় ২৬৩ জন এবং ডিসেম্বর মাসে ৫৬ মামলায় ৫৭৯ জনকে আসামি করা হয়।

এ ছাড়া গেল বছর দুর্নীতির ৪১৩ মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। এগুলোর মধ্যে জানুয়ারিতে ২৮ চার্জশিটে ৭১ জনকে আসামি করা হয়েছে। ফেব্রুয়ারিতে ৫২ চার্জশিটে ১৫৫, মার্চে ৩১ চার্জশিটে ১২৬, এপ্রিলে ২১ চার্জশিটে ৩৮, মে মাসে ১৯ চার্জশিটে ৫২, জুনে ২৪ চার্জশিটে ৯৬, জুলাইয়ে ২৭ চার্জশিটে ৮৭, আগস্টে ২৮ চার্জশিটে ১১১, সেপ্টেম্বরে ৩০ চার্জশিটে ১৫৩, অক্টোবরে ৪৬ চার্জশিটে ১৬১, নভেম্বরে ৪৫ চার্জশিটে ১৫৬ জন এবং ডিসেম্বর মাসে ৬২ চার্জশিটে ২৩৪ জনকে আসামি করা হয়।

দুদক থেকে জানা যায়, গেল বছর ৪৭টি অনুসন্ধান শেষে অভিযোগের প্রমাণ না পাওয়ায় অভিযুক্তদের অব্যাহতি দিয়েছে কমিশন। মামলা পর তদন্ত পর্যায়ে প্রমাণ না পাওয়ায় আরও ৮৯ মামলায় ২৩০ জনকে খালাস দিয়েছে দুদক।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, দুদকের কার্যক্রম নিয়ে বছর শেষে বার্ষিক প্রতিবেদন তৈরি করা হয়। সেই প্রতিবেদনে অনুসন্ধান, মামলা, তদন্ত, চার্জশিট, সাজা, খালাসসহ সব পরিসংখ্যান উল্লেখ থাকে। গত এক বছরের কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। সেই প্রতিবেদন প্রস্তুত হলে তা কমিশনের পক্ষ থেকে জবাবদিহিতার অংশ হিসেবে রাষ্ট্রপতির কাছে দাখিল করা হবে। তবে ওই প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত কিছু এখনই বলতে রাজি হননি তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com