বৃহস্পতিবার, ১২:২৪ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সরকার গঠনে এবারের ঈদে বাড়তি উৎসব বিএনপির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পঠিত

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও বিদেশের নির্বাসনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে ঈদ উদযাপনের উৎসব আলাদা মাত্রা পেয়েছে বিএনপির নেতাকর্মীদের। দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবারের ঈদ শুধুই ধর্মীয় আনন্দ নয়, বরং বিএনপির জন্য রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীকও বটে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নেতারা দেশের সর্বস্তরের জনগণ, দলের কর্মী ও পরিবারকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় ও রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময়সহ সারাদেশে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ এলাকা ও নির্বাচনী অঞ্চলে ঈদ উদযাপন করবেন। বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার হয়ে ১৭ বছর তিনি দেশে ফিরতে পারেননি। ওই সময় লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন বিএনপিপ্রধান। ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগষ্ঠিতা নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় ঈদের দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

এবারের ঈদে বেশির ভাগ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি ও নেতা নিজ নিজ এলাকায় ঈদ করবেন। পরিবারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেবেন তারা। এমন নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরও। বিএনপির একাধিক নেতা বলেন, গত ১৭ বছর রাজনৈতিক চাপ, মামলাসহ প্রতিকূল পরিবেশের কারণে নেতাকর্মীরা অনেকে এলাকায় যেতে পারেননি। সেই পরিস্থিতি বদলে বিএনপি এখন সরকারে। ফলে শঙ্কা নয়; উৎসবের সঙ্গে এবার ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন তারা। তাই স্থানীয় নেতাকর্মীদের বড় অংশ এলাকায় মন্ত্রী ও এমপির আগমনের অপেক্ষায়।

জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানী ঢাকায় ঈদ করবেন। পর দিন ঠাকুরগাঁও যাবেন বলে জানান তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. ইউনুস আলী।

ঢাকায় ঈদের নামাজ পড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী-এমপিরা অনেকেই নিজ গ্রামের বাড়িতে যাবেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি আরও জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবার চট্টগ্রামে নিজ এলাকায় ঈদ করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকা কক্সবাজারে ঈদ করার কথা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকায়, মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দিনাজপুর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ঢাকা, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লা, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মাগুরা, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক সিলেট, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ কুমিল্লা, বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা মানিকগঞ্জ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাট, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঝিনাইদহ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের কুমিল্লা, পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান রাঙামাটি, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুর, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নরসিংদী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম টাঙ্গাইল, সড়ক, সেতু, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম ঢাকা এবং মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইলে ঈদ করার কথা রয়েছে।

মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির ও মাহদী আমিনও ঢাকায় ঈদ করবেন। তবে হুমায়ুন কবিরের সিলেট যাওয়ারও কথা রয়েছে।

এ ছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত জামালপুরে, অনিন্দ্য ইসলাম অমিত যশোর, মো. শরীফুল আলম কিশোরগঞ্জ, শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর, সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল, ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়, মো. আমিনুল হক ঢাকা, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন চট্টগ্রাম, হাবিবুর রশিদ হাবিব ও মো. রাজিব আহসান ঢাকা, মো. আব্দুল বারী জয়পুরহাট, মীর শাহে আলম বগুড়া, জোনায়েদ আব্দুর রহিম সাকি ঢাকা, ইশরাক হোসেন ঢাকা, ফারজানা শারমীন নাটোর, শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট, নুরুল হক নূর পটুয়াখালী, ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ, এম ইকবাল হোসেইন ময়মনসিংহ, এমএ মুহিত সিরাজগঞ্জ, আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর, ববি হাজ্জাজ ঢাকা, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ীতে ঈদ করবেন বলে জানা গেছে।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায়, হুইপ জিকে গউছ হবিগঞ্জ, রকিবুল ইসলাম বকুল খুলনা, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ঢাকা ও শরীয়তপুর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর, আখতারুজ্জামান মিয়া দিনাজপুর এবং এবিএম আশরাফ উদ্দিন নিজান লক্ষ্মীপুরে ঈদ উদযাপনের কথা রয়েছে।

বিএনপির সিনিয়র নেতাদের ঈদ : বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করে ঢাকায় ফিরবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন। স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন। গয়েশ্বর চন্দ্র রায় তার নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে ঈদের সময় কাটাবেন। এ ছাড়া বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে, বরকতউল্লা বুলু নোয়াখালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ ও আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জে ঈদ করবেন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের নিজ নির্বাচনী এলাকায়, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ঢাকায় ঈদ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com