মঙ্গলবার, ১২:০০ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

সংসদ অধিবেশন বসছে বৃহস্পতিবার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে বসবে নতুন সরকারের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশন ঘিরে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।

অধিবেশনের প্রথম দিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংসদের সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে জামায়াত এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি; বরং তারা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। ফলে চলতি সংসদের প্রথম অধিবেশনেই জুলাই সনদ ও গণভোট ইস্যুতে রাজনৈতিক উত্তাপ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

এবারের অধিবেশনের শুরুটা কিছুটা ব্যতিক্রমী। গণ-অভ্যুত্থানের পর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন এবং ডেপুটি স্পিকার বর্তমানে কারাগারে রয়েছেন। ফলে নতুন সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সভাপতিত্ব করবেন সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য।

সংসদীয় বিধি অনুযায়ী, শুরুতেই একজন সংসদ সদস্য স্পিকার পদে একজনের নাম প্রস্তাব করবেন এবং আরেকজন তা সমর্থন করবেন। অধিবেশনের সভাপতিত্বকারী সদস্য প্রস্তাবটি উত্থাপন করলে সমর্থনের ভিত্তিতে স্পিকার নির্বাচিত হবেন। এরপর সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন স্পিকারের শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা শুরু করবেন।

অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর তার ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হবে। তবে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতির ভাষণের পরই অধিবেশন মুলতবি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদে সরকারি দলের সংসদীয় সভা ডাকা হয়েছে আগামীকাল বুধবার। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন বেলা ১১টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংসদ নেতা তারেক রহমান। সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

জানা গেছে, ওই বৈঠকে স্পিকার নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে। পাশাপাশি বিরোধী দল ডেপুটি স্পিকারের পদ গ্রহণ না করলে বিএনপি নিজ দলের একজনকে ওই পদে মনোনীত করতে পারে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অধিবেশনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং প্রায় সবকিছুই গুছিয়ে আনা হয়েছে। তিনি বলেন, সংসদীয় দলের বৈঠকে নতুন সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় অবহিত করা হতে পারে। প্রয়োজনে স্পিকার নির্বাচনের বিষয়েও আলোচনা হতে পারে।

এদিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জারির পর বিষয়টি সংসদের বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলেও সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এখনও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে। কিন্তু বিএনপি সেই শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন অনিশ্চয়তার মুখে পড়েছে। ফলে সংসদে এ বিষয়টি নিয়ে তীব্র আলোচনা ও রাজনৈতিক উত্তাপ তৈরি হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির অবস্থানের মধ্যে পার্থক্য স্পষ্ট। জামায়াত ও এনসিপি যদি এ নিয়ে চাপ সৃষ্টি করে, তাহলে এটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে।

ডেপুটি স্পিকার পদ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। বিএনপি বিরোধী দলকে এ পদে মনোনয়নের প্রস্তাব দিলেও জামায়াতে ইসলামী এখনও সিদ্ধান্ত জানায়নি। ফলে এ বিষয়ে সরকারি দলও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

সূত্র জানায়, জুলাই সনদ অনুযায়ী সংসদে দুইজন ডেপুটি স্পিকার থাকার কথা, যার একজন বিরোধী দল থেকে হওয়ার কথা। জামায়াত জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলে নিজ দল থেকে এ পদে মনোনয়ন দেওয়ার বিষয়ে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে তাদের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের জন্য নাম প্রস্তাব করা হতে পারে।

এবারের সংসদে ২১৯ জন সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। অধিবেশন শুরুর আগে নতুন মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত ওই কর্মশালায় সংসদীয় কার্যপ্রণালি, বাজেট বিশ্লেষণ এবং সংসদীয় কমিটির কাজ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথের পর বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

৩০০ আসনের সংসদে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি, জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ফলাফল আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় এসব আসনের প্রতিনিধিরা প্রথম অধিবেশনে অংশ নিতে পারবেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com