ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজতবা খামেনি। দেশটির সংবিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ৮৮ সদস্যের পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। এই ঘোষণার পর ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ শক্তিগুলো তার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। একই সঙ্গে নতুন নেতৃত্বের অধীনে ইরান-ইসরায়েল জোটের সংঘাতও নতুন মাত্রা পেয়েছে।
সামরিক বাহিনী ও আইআরজিসির আনুগত্য ঘোষণা ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে তার প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারা নতুন নেতার সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে প্রস্তুত থাকবে।
বাহিনীটি আরও দাবি করেছে, বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত হওয়া প্রমাণ করে যে ইসলামী বিপ্লবের ধারাবাহিকতা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।
ইরানের সশস্ত্র বাহিনীও পৃথক বিবৃতিতে মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে। বিবৃতিতে তাকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে।
পারিবারিক পটভূমি ও উত্তরাধিকার
মোজতবা খামেনি হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। তার বয়স ৫৬ বছর। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার স্ত্রী, মোজতবা খামেনির স্ত্রী এবং এক বোনও নিহত হন।
তবে হামলার সময় মোজতবা খামেনি সেখানে উপস্থিত ছিলেন না। গত কয়েক বছর ধরেই বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম আলোচনায় ছিল। আলী খামেনি প্রায় আট বছর ইরানের প্রেসিডেন্ট থাকার পর প্রায় ৩৭ বছর দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন।
নতুন নেতার অধীনে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা
সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গতকাল ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, নতুন নেতার অধীনে এটি ইসরায়েলের বিরুদ্ধে প্রথম হামলা।
প্রকাশিত এক ছবিতে একটি ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।’ এতে বোঝা যায়, নতুন নেতৃত্বের অধীনে ইরান তার সামরিক অবস্থান আরও দৃঢ় করছে।
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধ এখন দশম দিনে গড়িয়েছে। ইরান পাল্টা হামলায় ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করছে।
ইসরায়েলের কেন্দ্রীয় এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহ থেকে চলা হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত এবং প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালাচ্ছে। তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা
যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। বাহরাইনে ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নিহত হয়েছেন। কুয়েত একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। কাতার একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সৌদি আরবের একটি বড় তেলক্ষেত্র লক্ষ্য করে চারটি ড্রোন পাঠানো হলেও সেগুলো প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আমিরাতে হেলিকপ্টার বিধ্বস্ত, দুই সেনা নিহত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার খবর ‘ভিত্তিহীন’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরানের হামলার যে খবর প্রকাশ হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তিনি দাবি করেন, এসব খবর উদ্দেশ্যপ্রণোদিত এবং ইরান ও প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নষ্ট করার জন্য ছড়ানো হতে পারে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নতুন নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতা তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন সময়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।
চীনও জানিয়েছে, ইরানের নতুন নেতা দেশটির সংবিধান অনুযায়ী নির্বাচিত হয়েছেন এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়।
চলমান সংঘাত থামাতে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন সৌদি আরব সফর করেছেন এবং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন।
ট্রাম্পের কড়া মন্তব্য
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নেতাকে নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, নইলে তিনি বেশিদিন টিকবেন না। তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন।
পরিস্থিতি আরও জটিল
মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের ক্ষমতার ধারাবাহিকতা বজায় থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নতুন নেতৃত্বের অধীনে ইরান সামরিক প্রতিক্রিয়া অব্যাহত রাখবেÑ এমন ইঙ্গিত ইতোমধ্যেই পাওয়া গেছে। ফলে আঞ্চলিক সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়ছে।